সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরের ১০ লাখ মানুষের দৈনিক পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না। এ কারণে সিলেট মহানগরজুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।
মহানগরীর ৪২টি ওয়ার্ডে প্রতিদিন প্রয়োজন প্রায় ১৩ কোটি লিটার পানি, অথচ সিটি করপোরেশনের সক্ষমতা মাত্র সাড়ে ৪ কোটি লিটার। ফলে পানির হাহাকার কমছে না।
বর্তমানে কুশিঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৪৫টি নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করছে সিসিক, যা চাহিদার তুলনায় অনেক কম।
সিসিকের সহকারী প্রকৌশলী এনামুল হক তাপাদার জানান, ঘাটতি পূরণে নতুন টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এদিকে, সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, শহরতলীর চেঙ্গেরখাল নদে একটি নতুন পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্ধিত ওয়ার্ডগুলোতেও পানি সরবরাহে সহায়ক হবে।
২০২১ সালে সিলেট সিটিতে নতুন ১৫টি ওয়ার্ড যুক্ত হলেও ৫ বছরেও সেখানে পানি সরবরাহ শুরু করা যায়নি। নগরবাসী দ্রুত ওয়াসার কার্যক্রম শুরু করে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের দাবি জানিয়েছেন।