চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে ১১ জনকে পুশ–ইন করার চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ওই ১১ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ–ইন করার চেষ্টা করে।
৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, ভোরের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে প্রবেশ করানো।
বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন এবং পরিস্থিতি বুঝে বিএসএফকে পিছু হটতে বাধ্য করেন। পরে, জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিএসএফের পক্ষ থেকে পুশ–ইনের চেষ্টা করা হয়েছিল, তবে বিজিবি তা প্রতিহত করেছে।
এদিকে, শুক্রবার থেকে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় রয়েছেন বিএসএফের পুশ-ইনের চেষ্টা করা ১২ জন নারী, পুরুষ ও শিশু। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় তারা শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছে। তবে মানবিক দিক বিচার করে বাংলাদেশি স্থানীয়রা তাদেরকে খাবার সরবরাহ করছেন।