কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ৪ জনকে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছিল। তবে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থাকায় বিএসএফ ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।
বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে আসা ছিলেন। বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। তবে ওই চারজনের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিজিবির বাধার কারণে বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।