কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ–ইনের চেষ্টা চালানোর পর ১২ জন বাংলাদেশে শূন্যরেখায় অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে তারা সেখানে খোলা আকাশের নিচে রয়েছেন।
বিজিবি (বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী) তাদের এ দেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ করে দেয়। বিএসএফের এ প্রচেষ্টার পর স্থানীয়রা মানবিক বিবেচনায় তাদের খাবার সরবরাহ করছেন। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এসব তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করেন ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে ছিলেন রানীনগর ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব।
পতাকা বৈঠকে বিএসএফ জানায়, সীমান্তে অবস্থানরত ১২ জনের নাগরিকত্ব যাচাই করা হবে। যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত হলে তাদের ভারতে ফিরিয়ে নেওয়ার কথা জানানো হয়।
গত শুক্রবার ভোরে বিএসএফ দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় একটি পাট খেতের আইলে অবস্থান করছেন। পুশ–ইনের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।