সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভোলার মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল শোভাযাত্রায় গিয়ে যুবক ইসমাইলের মৃত্যু হয়েছে।

ভোলার মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে মো. ইসমাইল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন মো. সবুজ নামে এক পথচারী। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইসমাইল কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের মাকসুদ ও জাহানারা বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে বোরহানউদ্দিন পৌর ভবনের সামনে থেকে ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দৌলতখান রাস্তার মোড়ে পৌঁছালে সমর্থকেরা ইসমাইলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পড়েছিল।

প্রত্যক্ষদর্শী শাকিল জানান, নিহত ইসমাইল দ্রুতগতিতে একটি জিক্সার মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কংক্রিটের ব্লকের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ সময় পথচারী সবুজও আহত হন।

পরে অন্যান্য ব্রাজিল সমর্থকেরা ইসমাইলকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসানা।

বিজ্ঞাপন