সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে গিয়ে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে গিয়ে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব এবং শ্যালিকা সুরাইয়া। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিকেলে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানে প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় সুরাইয়ার মরদেহ। রাশেদুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়। অন্যদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেল তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন