রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লার ডাকাতিয়া নদীতে ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার ডাকাতিয়া নদীতে ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার ডাকাতিয়া নদীতে ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়া কলেজছাত্র শিহাবের (১৭) মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে আসা ডুবুরি দল এবং চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শিহাব চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে। ঈদ উদযাপন করতে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে এসেছিল সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) দুপুরে শিহাব তার বন্ধুদের সাথে তালের আঁটি খাওয়া শেষে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেয়। দ্রুত নারান্দিয়া জামে মসজিদে পৌঁছানোর জন্য সে দুই বন্ধুর সাথে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা করে।

এই সময় তার দুই বন্ধু সফলভাবে নদী পার হলেও শিহাব মাঝনদীতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়ে পড়ে। এরপর চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এবং চাঁদপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের তল্লাশির পর আজ সকালে তারা শিহাবের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।

বিজ্ঞাপন