কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে চারটি গাড়ির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে ওই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচলকারী একটি মাইক্রোবাস।
দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
চান্দিনা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। অন্যান্য আহতদের স্থানীয়দের সহযোগিতায় পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।’
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহাবুদ্দিন রানা জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।