কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক মো. আব্দুল মতিন (৩৫) এবং মো. আরিফ (৩০)। আব্দুল মতিন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং আরিফ হিঙ্গুলা গ্রামের বাসিন্দা।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানান, ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে দ্রতগামী একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।