কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে গেছে একটি লরি। এই দুর্ঘটনায় সিএনজি চালক ও একজন যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক হানিফ মিয়া (৩৫) এবং যাত্রী লাবিব হোসেন (১৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন সজীব হোসেন (২৪), যিনি নিহত লাবিবের মামাতো ভাই। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। ফলে সিএনজি ও লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত সিএনজিতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মিয়া ও লাবিব হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। নিহতের বিষয়টি পরে জানতে পেরেছি। ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।