লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই বাবুর পোষা পাখি বুধবার সকালে বিড়াল মেরে ফেলে, যা নিয়ে সে সারাক্ষণ কান্নাকাটি করছিল। কান্না থামাতে বলায় আল-আমিনের সঙ্গে বাবুর কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বাবু একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। পরে স্থানীয়রা আল-আমিনকে নোয়াখালী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।