রাজধানীর হাতিরঝিলের লেক থেকে মো. আজিম উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে হাতিরঝিল রেইনবো ক্রসিং সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরা উলুন রোডের শিমুল বাগ এলাকার বাসিন্দা ছিলেন। তার বয়স ৬৫ বছর। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, আজ সকাল আনুমানিক ৮টার দিকে লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখে ডিউটিরত আনসার বাহিনীর সদস্যরা।
এ ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে খবর পেয়ে হাতিরঝিল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
এসআই নাজমুল ইসলাম অভি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।