কুমিল্লায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচ চলাকালে কথা-কাটাকাটির জেরে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক মিশুক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন মিশুক চালক ছিলেন।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল করার পর শরিফুলকে কয়েকজন কটাক্ষ করতে শুরু করেন, যা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়।
বাগবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন শরিফুলের ওপর হামলা চালিয়ে মারধর করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।