কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। তারা ওই উপজেলার জিংলাতলী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী মহাসড়কের এক পাশে দিয়ে সকালে হাঁটছিলেন। এসময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে তারা সড়কের পাশে ছিটকে পড়ে যান।
দুর্ঘটনার এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া, মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।