নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কারীর মারধরে ৮৪ বছর বয়সী আব্দুল বারেক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক তার নাতনিকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় পৌরসভার টোল আদায়কারী আতিকুল মিয়ার সঙ্গে পরিবহনের টোল নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে আতিকুলের ঘুষিতে বারেক গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, অভিযুক্ত আতিকুলকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, আব্দুল বারেক ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে চোখ হারান। ওই আন্দোলনে অংশ নেওয়া তার নাতি মেহেদীকে খুঁজতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।