শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শিক্ষককে মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শিক্ষক আমানুল্লাহ সাগরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শিক্ষককে মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শিক্ষক আমানুল্লাহ সাগরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম মামলাটির রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদরাসায় পড়াশোনা করত ১১ বছরের শিশুটি। শিক্ষক আমান উল্লাহ সাগর মাদরাসায় অবস্থানকালীন সময়ে বিভিন্ন সময়ে ওই শিশুকে ধর্ষণ করেন। শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে শিশুটি একটি কন্যাশিশুর জন্ম দেয়।

চিকিৎসকের পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় সাগরের পাশাপাশি তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকেও আসামি করা হয়। ঘটনার পর সাগর আত্মগোপনে চলে যান, কিন্তু ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি ডিএনএ সংরক্ষণের নির্দেশ দেন আদালত। ভুক্তভোগী ও নবজাতকের নমুনা সংগ্রহ করা হয়। ২ জুলাই ভুক্তভোগী একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের নমুনার সঙ্গে মামলার আসামি সাগরের ডিএনএ পরীক্ষা করা হলে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়ার তথ্য জানায় সিআইডি। এই তথ্য মামলার তদন্তে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে কাজ করে। ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার এসআই মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. নূরুল কবীর রুবেল বলেন, "রাষ্ট্রপক্ষের হাতে থাকা সাক্ষ্য, নথিপত্র ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় যে রায় হয়েছে, তাতে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।"

বিজ্ঞাপন