শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকারের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
জব্দকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. নুরুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।