শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই।
আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতদের মধ্যে আছেন মো. ইমদাদুল হক (২৯), মো. আক্তারুল হক (২০), মো. মিনারুন (১৯), মো. শামিম (২৩), মো. আঃ করিম (২১), মো. ইউসুফ (২১), মো. শওকত আলী (৩৫), মো. আলামিন (২৪), মো. আব্দুল্লাহ (২৫), মো. হাসান (২৫), মো. রুবেল (৩০), মো. মেসবাউল (২০)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, তারা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। বিজিবির এই কঠোর নীতি সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে অব্যাহত থাকবে।