বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহীতে ভেঙে ফেলা হলো ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেয়াল

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে, সংস্কৃতিকর্মীদের ক্ষোভ।

রাজশাহীতে ভেঙে ফেলা হলো ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির দেয়াল

রাজশাহী নগরীতে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে তারা তাদের ক্ষোভ জানান। সংস্কৃতিকর্মীরা জানান, দেয়াল ভেঙে ফেলার পাশাপাশি ঘরের পাশে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে।

স্থানীয় সংস্কৃতিকর্মীরা অভিযোগ করেছেন, গোটা বাড়ির জায়গা দখলে নেওয়ার অপচেষ্টা চলছে। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা বলেন, স্মৃতিবিজড়িত এ জায়গাটি দেশের সম্পদ এবং এখানে চলচ্চিত্র কেন্দ্র বা চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

ঋত্বিক ঘটক রাজশাহীর এই পৈতৃক ভিটায় কৈশোর ও যৌবনের বেশ কিছু সময় কাটিয়েছেন। ২০২০ সালে জেলা প্রশাসন বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়, তবে এ উদ্যোগ এখনও বাস্তবায়িত হয়নি। উল্লেখ্য, চলতি বছরের ৪ নভেম্বর এখানেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল।

বিজ্ঞাপন