নোয়াখালী সদর উপজেলায় জুয়া খেলা ও ইয়াবা সেবন নিয়ে কিশোরদের দুই পক্ষের সংঘর্ষে মো. কামাল উদ্দিন (৫০) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন স্থানীয় লেসি সরদার বাড়ির প্রয়াত মো. সোলাইমানের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে মিনু হাজি বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলা ও ইয়াবা সেবনকে কেন্দ্র করে দুই বাড়ির কিশোরদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
এসময় লেসি সরদার বাড়ির লোকজন মিনু মাঝি বাড়ির কয়েকজনকে আটকে রাখলে, তাদের ছাড়িয়ে আনতে গেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় মিনু মাঝি বাড়ির কিশোরদের মারধরে কামাল উদ্দিন জ্ঞান হারান।
পরে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাম চন্দ্র ভট্টাচার্য জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।