বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজারহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত একজন, ৯ গ্রেপ্তার

রাজারহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে একজন নিহত, পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

রাজারহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত একজন, ৯ গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীর হাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। এই সংঘর্ষে জাহিদুল ইসলাম জিন্নাত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমাল্লীর হাট এলাকার একটি গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)-এর উদ্যোগে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে ওই রাস্তার ব্যবহার ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত ছিল।

মঙ্গলবার দুপুরে রাস্তা নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের শাবলের আঘাতে গুরুতর আহত হন জাহিদুল ইসলাম জিন্নাত, পরে তার মৃত্যু ঘটে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার আগ পর্যন্ত অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, 'আমরা ঘটনাস্থলে অবস্থান করছি এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হত্যা মামলা রেকর্ড করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন