রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ৭ জুন সকালে আদালতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে হাজির করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন। দেশের ইতিহাসে এটি প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ মাত্র ৪ দিনে শেষ হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন।
অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছেন।
গত ১৯ মে পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
১ জুন মামলার বিচার শুরু হয় এবং ২ জুন রামিসার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন।