রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন (রোববার) ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ বৃহস্পতিবার দুপুরে এই দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই তারিখ নির্ধারণ করা হয়। শুনানিতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার আদালতে হাজির ছিলেন।
গতকাল বুধবার আদালতে সোহেল রানা ঘটনার দায় স্বীকার করেন, তবে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেন এবং অব্যাহতির আবেদন জানান।
শুনানিতে সোহেল রানা তার সহযোগী ডলারকে দায়ী করার চেষ্টা করেন। আদালতে হাজির হয়ে দুই আসামি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন পুলিশ স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে গ্রেফতার করা হয়। ২০ মে সোহেল রানা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।