শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নীলফামারীতে মাকে হত্যা করে মরদেহ পুঁতে রাখার অভিযোগ

নীলফামারীতে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে ছেলে পলাতক, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নীলফামারীতে মাকে হত্যা করে মরদেহ পুঁতে রাখার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মো. জুয়েল (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের একটি ঘরে মাটি খুঁড়ে মারুফা বেগম (৬০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, দুই থেকে তিনদিন আগে জুয়েল তার মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরের মাটির নিচে লাশ গোপন করে রাখেন।

মারুফার ছোট ছেলে লাভিন মিয়া জানান, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। ঈদ উপলক্ষে বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে বড় ভাইয়ের কাছে জানতে চান। বড় ভাই মায়ের বিষয়টি জানেন না বললে লাভিন সন্দেহ করেন। পরে তিনি বড় ভাইয়ের শোয়ার ঘরের মাটিতে ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখতে পান।

এ ঘটনায় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, লাশের মাথার সামনে বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে মাথায় আঘাত করে মারুফাকে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন