টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের চার দিন পর মিন্টু খান (৪৫) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার কাউনটার বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে এবং তিনি স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী। স্থানীয় সূত্র জানায়, গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিন্টু খান নিখোঁজ ছিলেন।
তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিন্টু খানের মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতেই পাঁচজনকে আটক করা হয়েছে।