বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শৈলকূপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৬০ জন

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে।

শৈলকূপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৬০ জন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সংঘর্ষটি প্রথমে বাকবিতণ্ডার মাধ্যমে শুরু হয় এবং পরে তা চরম আকার ধারণ করে। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন