নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে সদর উপজেলার মদনহাট গ্রামে শরিফুল শিশুটিকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। পরে তিনি রাস্তার পাশের একটি ঘাসের জমিতে নিয়ে গিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান।
ঘটনার পর শিশুটির স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। বুধবার (৩ জুন) রাতে শিশুর ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শরিফুলকে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনি দেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নিয়েছে এবং নির্যাতিত শিশুকে উন্নত চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।