রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের আপিল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে পদক্ষেপ নেবে অ্যাটর্নি জেনারেল অফিস। এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো যে কোনো মামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মানুষ দেখতে চায় রায় কার্যকর হোক এবং রায় কার্যকর না হওয়ার যে শঙ্কা, তা পরিবর্তন করতে হবে।
রোববার (৭ জুন) রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পর তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, এ মামলার রায় বিচারিক প্রক্রিয়ার একটি মাইলফলক।
তিনি জানান, তদন্ত কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন, তাই বিচার কাজ বিলম্বিত হওয়ার কোনো কারণ ছিল না।
রামিসার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ভরসা রেখেছিলেন এবং এ মামলায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
রায়ের পর প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ডও দেওয়া হয়েছে। উল্লেখ্য, এটি দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ, যা ৪ দিনে শেষ হয়েছে।