রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হবে।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে।" স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার ঘটনাটি একটি মাইলফলক।
তিনি আরও জানান, "এভাবেই আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।" রামিসার ঘটনা, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন, গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার জন্য তাদের পুরস্কৃত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, তিরস্কারের সময় তিরস্কার।" তিনি জানান, পুলিশ বাহিনীর যে অর্জন রয়েছে, সেটি প্রশংসার দাবি রাখে।
প্রসঙ্গত, রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।