লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। নিহতদের মধ্যে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা।
আজ সোমবার (৮ জুন) মরদেহ বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জানাজার পর তাদের দাফন করা হবে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের জন্য উপস্থিত ছিলেন স্বজনরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উপস্থিতিতে দুই প্রবাসীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ ১০ জন প্রবাসী নাগরিককে হারিয়েছে। এর মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
নিহত দুই প্রবাসীকে দাফনের জন্য তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।