লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ প্রায় এক মাস পর দেশে ফিরেছে। শনিবার রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তাদের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিহতদের স্বজনদের কাছে বিশেষ অনুদান তুলে দেন। তিনি জানান, পরিবারে স্বচ্ছলতা আনতে এবং সন্তানের মুখে হাসি ফোটাতে প্রবাসী এই দুই যুবক লেবাননে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের ফিরতে হলো কফিনে।
গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় সাতক্ষীরার শফিকুল ইসলাম ও মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন। দীর্ঘ ২৭ দিনের অপেক্ষা ও উৎকণ্ঠার পর অবশেষে তাদের মরদেহ দেশে পৌঁছায়।
বিমানবন্দরের পরিবেশ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে। নিহতদের পরিবারের পুনর্বাসনে সরকারের প্রতি আহ্বান জানান স্বজনেরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের হাতে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
তিনি জানান, দ্বিতীয় ধাপে প্রতিটি পরিবারের জন্য আরও ১৩ লাখ টাকা দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দশ বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের মধ্যে সাত রেমিটেন্স যোদ্ধার মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।