শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা। দ্রুত বিচারের নজির স্থাপন হতে যাচ্ছে।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ রোববার ঘোষণা করা হচ্ছে। হত্যার ২০ দিনের মধ্যে এবং বিচার শুরুর সাত দিনের মধ্যে এ মামলার রায় দেওয়া হচ্ছে।

গত ৪ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়। ১৯ মে পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত বিচারের দাবি ওঠে।

রামিসার মরদেহ উদ্ধারের পরদিন ২০ মে পল্লবী থানায় হত্যা মামলা করেন রামিসার বাবা। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

২১ মে রামিসার পরিবারের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী। তিনি দ্রুত বিচারের আশ্বাস দেন। ২৩ মে ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, এক মাসের মধ্যে শিশু ধর্ষণের বিচার সম্পন্ন করা হবে।

এরপর ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়, যা ওই দিনই আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় ১ জুন। ১৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার উভয়পক্ষের যুক্তিতর্ক শোনা হয়।

মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। রামিসা হত্যা মামলার রায় দেশের ইতিহাসে দ্রুত বিচারের একটি অনন্য দৃষ্টান্ত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন