জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সীমান্তে ভারতীয় বাহিনীর দ্বারা হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, "সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক।"
নাহিদ ইসলাম মন্তব্য করেন, "এ ধরনের লজ্জাজনক বক্তব্য দেয়ার তিনদিন পার হলেও সালাহউদ্দিন আহমদ তার বক্তব্য প্রত্যাখ্যান করেননি।" তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো নিন্দা জানানো হয়নি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন, তাহলে খুশি হব।" তিনি দাবি করেন, সীমান্তের অভ্যন্তরে অপরাধের ক্ষেত্রে বাহিনী তাদের দেশীয় আইনে ব্যবস্থা নেবে।
নাহিদ ইসলাম বলেন, "এ ধরনের অবস্থান আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার একটি সহজাত অধিকার।"
তিনি আরও বলেন, "অগ্নেয়াস্ত্র ব্যবহারের জাতিসংঘের নীতিমালায় বলা হয়েছে, প্রাণঘাতী অস্ত্র কেবল তখনই ব্যবহার করা যাবে, যখন অন্য কোনো উপায় থাকবে না।"
এনসিপির আহ্বায়ক বলেন, "ভারতের প্রতি শেখ হাসিনা সরকারের নতজানু নীতি এবং এর পরিণতি সর্বজনবিদিত।" তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।