শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার অস্ত্র ও গুলি

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্র ও নগদ টাকা।

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার অস্ত্র ও গুলি

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-১০ একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে মো. মোমিন মোল্লাকে (৪০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

হাসান আলীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। র‍্যাব-১০ ফরিদপুরের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ জানান, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘অস্ত্র ও মাদকের উৎস এবং এ কাজে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।’ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন