বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেপ্তার, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ সাফায়েত আহমেদ নামে যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।

ফরিদপুরে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেপ্তার, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

ফরিদপুরে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ সাফায়েত আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। মঙ্গলবার বিকেলে ফরিদপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার এবং পাঁচ রাউন্ড তাজা গুলি।

এরপর সকাল পৌনে ৯টার দিকে শহরের নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাফায়েত আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি চর কমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

অভিযানে তার কক্ষ থেকে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচগিয়ার, একটি ওয়াকিটকি, একটি ড্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর কর্মকর্তারা জানান, সাফায়েত নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তার সাফায়েতকে উদ্ধার করা মালামালসহ স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন