রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকার আবদুল্লাহপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক

ঢাকার আবদুল্লাহপুরে প্রাইভেট কারের ধাক্কায় মো. ইয়াকুব নামে এক যুবক নিহত হয়েছেন।

ঢাকার আবদুল্লাহপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. ইয়াকুব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় ইয়াকুবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াকুবের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা চর গুলগুলিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল বারেক এবং তিনি জমির ব্যবসা করতেন বলে জানা গেছে।

ইয়াকুবের ভাই ইউসুফ জানান, ‘আমার ভাই ল্যান্ড প্রপার্টির ব্যবসা করত। আজ বিকেলের দিকে কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় একটি জায়গা দেখার জন্য মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন