রাজধানীর নয়াপল্টনে একটি এসি বিস্ফোরণের ফলে জীবন বর্মা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবন বর্মার বাড়ি গাইবান্ধা সদরের ভাটপাড়া গ্রামে। তিনি এসি মিস্ত্রীর কাজ করতেন এবং পল্টন এলাকায় একটি মেসে বসবাস করতেন।
জীবন বর্মার ভাই অনিক বর্মা বলেন, ‘আমার ভাই পল্টন এলাকায় এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস দোকানে এসি মেরামতের কাজ করার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।