শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেয়ের বিয়ের প্রস্তুতির সময় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

রাজধানীর অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেনের মৃত্যু, তদন্ত চলছে।

মেয়ের বিয়ের প্রস্তুতির সময় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ হোসেন মুন্সিগঞ্জের পশ্চিম দেওভুনা গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি বনানীর ৫ নম্বর রোডের ৪০ নম্বর ভবনের, সি/৩–এ ফ্ল্যাটে বসবাস করতেন। তার দুই মেয়ে, বড় মেয়ে আমেরিকায় এবং ছোট মেয়ে তাসমিয়া মারজান বাবার সঙ্গেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজে আসা নিহতের মামাতো ভাই মো. নাজমুল হাসান মিলন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মোশারফ হোসেন তার ছোট মেয়ে তাসমিয়া মারজানকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। সেখানে তিনি তার মেয়েকে সুইমিং করার জন্য পাঠান।

মো. নাজমুল হাসান মিলন আরও জানান, তার ছোট মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে এবং কিছু আনুষ্ঠানিক কাজের জন্য মোশারফ হোসেন ভবনের অন্য দিকের একটি নির্মাণাধীন সাইডে চলে যান। তিনি চোখে কম দেখতেন, ফলে লিফট খুঁজে পাচ্ছিলেন না।

একবার সিঁড়ি দিয়ে নামছিলেন আবার উঠছিলেন। এই সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ প্রথমে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিলন জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখে মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছেন।

নিহতের বড় মেয়ে আমেরিকা থেকে দেশে ফিরলেই তার দাফন সম্পন্ন হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন