হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে তিনি বলেন, 'আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে।'
ভিডিওটি প্রকাশের পর পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এএসআই ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্ত করতে গিয়ে তিনি এ ধরনের মন্তব্য করেন।
ভিডিওতে দেখা যায়, এএসআই ইলিয়াস হোসেন উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়ার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি বলেন, 'কিছু রটে দেখেই তো কিছু বটে! আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি?'
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে এবং এএসআইকে ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, 'ভিডিওটি আমি দেখেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভিডিওটি পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।'