মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাইবান্ধায় সেনা কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, প্রতারক গ্রেফতার

গাইবান্ধায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারক গ্রেফতার।

গাইবান্ধায় সেনা কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, প্রতারক গ্রেফতার

গাইবান্ধায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আফজাল খান ওরফে মমিন (৫৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

৫ অক্টোবর রাতে এসআরবি-১৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার নিজ বাড়ি ‘ভাই-বোন ভিলা’ থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আফজাল বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করতেন। তিনি অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন।

অভিযোগ রয়েছে, তিনি সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণ করতেন। এছাড়া, ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমেও প্রতারণা করতেন।

অভিযানের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়। এসআরবি-১৩ জানায়, গ্রেফতার ব্যক্তিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন