ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। নিহত নারীর নাম তন্ময়ী মন্ডল, যিনি রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় এক মাস আগে সেখানে যোগ দেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারী তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি মোবাইলফোনের সিম সংগ্রহ করেছিলেন। এ বিষয়ে ঘটনার পেছনের সম্ভাব্য বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।
ওসি জানান, ঘটনার পেছনে কোনো রহস্য থাকতে পারে এবং তারা সব বিষয় গুরুত্বের সাথে তদন্ত করছেন। প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
সোমবার সকাল ১০টার দিকে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি নারী বাথরুমের একটি কক্ষ থেকে তন্ময়ী মন্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের সামনে রক্তাক্ত ছুরি ও রক্তের দাগ পাওয়া যায়।