গাইবান্ধা সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাছান আলী (৬৯) গ্রেফতার হয়েছেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ রোববার (১ নভেম্বর) দুপুরে এই তথ্য জানায়।
হাছান আলীকে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, প্রায় আট বছর আগে মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি হওয়া ওই কিশোরী গত ছয় মাস ধরে পরিচালকের পক্ষ থেকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব পেয়ে আসছিলেন। কিশোরী তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা পরিচালকের সাথে ফোনে কথা বলেন।
এ সময় পরিচালক ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৮ আগস্ট সকালে পরিচালক কিশোরীকে মাদ্রাসাসংলগ্ন নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং পরে হত্যার হুমকি দেন।
পরিচালক কিশোরীর বাবা-মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর কৌশলে কিশোরী মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা বাবা-মাকে নির্যাতনের বিষয়টি জানান। ৩১ আগস্ট তারা মাদ্রাসায় গিয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত শোনেন এবং পরদিন ১ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। শনিবার রাতে এসআরবি-১৩-এর একটি দল অভিযানে গিয়ে হাছান আলীকে গ্রেফতার করে।