বরিশালের উজিরপুর উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী আলমগীর সিকদার (৫২) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এছাড়া, আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শামসুল হক রায়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আ. রশিদ সিকদারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ মার্চ দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণ করে আলমগীর। ঘটনার পর তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টি প্রথমে গোপন রাখে, কিন্তু পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে দুই মাস পর বিষয়টি প্রকাশ পায়।
২০২৩ সালের ২৯ মে, ভুক্তভোগীর বাবা উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় প্রদান করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শামসুল হক বলেন, ‘আদালত রায় দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা আদালতে ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্টের ফলাফল এবং সাক্ষীদের জবানবন্দীসহ যাবতীয় প্রমাণাদি উপস্থাপন করতে সক্ষম হয়েছি।’ বিচারক সাক্ষ্যপ্রমাণ ও নথি পর্যালোচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।