ঠাকুরগাঁওয়ে ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ রোববার দুপুরে বিচারক ও জেলা জজ আলী মনসুর এ রায় দেন।
রায় অনুযায়ী, প্রধান তিন আসামি মো. আনিস রানা, মো. সাইফুল ইসলাম এবং মো. দুলালকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
অন্যদিকে, অপর তিন আসামি মো. আনিছুর, মো. খতিবুর খতু এবং মো. লালুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাঁদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত নির্দেশ দিয়েছে, দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে আদায় করা অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। প্রয়োজনে আসামিদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার চার দিন পর ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন।
আজকের রায়ের সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে পলাতক আসামি মো. আনিস রানা বিরুদ্ধে সাজা পরোয়ানা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বদিউজ্জামান চৌধুরী বাদল বলেন, এই রায় ন্যায় সংগত এবং ভুক্তভোগী ন্যায় বিচার পেয়েছে।