নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির (৩০) কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। হত্যার প্রধান অভিযুক্ত রাজিব শেখ (৩৪) একই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, গত রমজানে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আলিনুরের বড় ভাই আমিনুর। টাকা ফেরত দেওয়ার সময় রাজিব নানা টালবাহানা শুরু করেন। শনিবার রাতে রাজিব টাকা দিতে রাজি হলে আলিনুর ও আমিনুর অভিযুক্তের বাড়ির পাশে যান।
এ সময় রাজিব ফের সময় চাইলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে রাজিব আলিনুরকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।