মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবক আলিনুর ফকিরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনায় আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কাছে এই ঘটনা ঘটে।

নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং তিনি আব্দুল হাই ফকিরের ছেলে। নিহতের ভাই আমিনুর ফকির জানান, প্রতিবেশী রাজিব শেখ গত রোজার মাসে আলিনুরের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত দিতে রাজিব বিভিন্ন সময় তালবাহানা করেন।

প্রায় পাঁচ মাস পর শনিবার রাতে রাজিব শেখ স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে আলিনুর ও তার ভাইকে ডেকে নেন। সেখানে কথা বলার সময় রাজিব ও তার সহযোগীরা আচমকা আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই আলিনুরকে পেটে ছুরিকাঘাত করে।

আলিনুরের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন