রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সেকান্দার আলীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মো. রোকন উদ্দিন জানান, তার বাবা সেকান্দার আলী বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।
রোকন উদ্দিন বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি আমার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আমরা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।