রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি অস্ত্র এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মানিক কাজী (৫০) এবং রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ওসমান গণি শনিবার (১৮ জুলাই) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, গত কয়েক মাস ধরে মতিঝিল ও সবুজবাগ এলাকায় সংঘটিত বেশিরভাগ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীরা জড়িত ছিল।
শুক্রবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পির কথিত অফিস থেকে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক এবং নারী নির্যাতনসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। এর আগে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে বেরিয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন তিনি।