রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে হত্যা

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)। স্থানীয়দের মতে, শুক্রবার বিকেলে মিন্টু চৌকিদার ও সালিম গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতের বেলায় বিরোধের জেরে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সালিম হোসেনের বাড়িতে হামলা চালায়।

এ সময় ঘটনাস্থলে থাকা সালিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও সালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন