কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন ও আবুল শেখ নামের দুই ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন (৪০) দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আবুল শেখ (২৫) খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই সন্ধ্যায় দেবীনগর এলাকার ছালিম হোসেনের সাথে খানপুর গ্রামের হাসান শেখের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এই বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় হাসান শেখের পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এর পর হামলাকারীরা শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় ছালিম বাড়ি থেকে পালিয়ে যেতে পারলেও হামলাকারীরা বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আবুল শেখ এবং মুল্লুক মণ্ডলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি মোল্লা জাকির হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।